প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
কাউকে কুফুরি বলার অধিকার কারও নেই: মিয়া গোলাম পরওয়ার
কোনো বিশ্বাসী মুসলমানকে কুফুরি বা শিরকের সঙ্গে তুলনা করা ইসলামের মৌলিক শিক্ষার অবমাননা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) খুলনার ডুমুরিয়া ও ফুলতলায় নির্বাচনী পথসভায় তিনি বলেন, ইসলাম সম্পর্কে জ্ঞানহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এমন বক্তব্য চরম লজ্জাজনক। তিনি খুলনা-৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দিতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার সাম্প্রতিক এক রাজনৈতিক নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, হাদিস অনুযায়ী কোনো মুসলিমকে কাফের বললে সেই অপবাদ বক্তার নিজের ওপরই বর্তায়। মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সে সময় কেবল জামায়াত নয়, আরও অনেক দল অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। তাই ইতিহাস বিকৃত না করে বাস্তবতা স্বীকার করা উচিত।
ডুমুরিয়া ও ফুলতলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, একদল কুচক্রী কালো টাকা ও সন্ত্রাস দিয়ে সমাজকে জিম্মি করে রেখেছে। একটি মানবিক সমাজ গড়তে হলে এই অপশক্তির বিরুদ্ধে জনগণকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। পথসভায় তার সঙ্গে জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.