প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
‘ওইভাবে মারিনি’: শিশু নির্যাতন মামলার শিক্ষক পবিত্র কুমার কারাগারে
রাজধানীর পল্টনের ‘শারমিন একাডেমি’ স্কুলে ৪ বছরের এক শিশুকে পৈশাচিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে পবিত্র কুমার দাবি করেন, পরিস্থিতিগত কারণে ঘটনাটি ঘটেছে এবং বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে।
গত ১৮ জানুয়ারি শারমিন একাডেমিতে ভর্তির মাত্র সাত দিনের মাথায় এক শিশু শিক্ষার্থীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের শিক্ষিকা শারমিন জামান ও তার স্বামী পবিত্র কুমার মিলে শিশুটিকে অমানুষিকভাবে চড়-থাপ্পড় মারছেন। একপর্যায়ে পবিত্র কুমার একটি স্ট্যাপলার দিয়ে শিশুটির মুখে স্ট্যাপল করার ভয় দেখান এবং গলার টুঁটি চেপে ধরেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরপর শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় মামলা করলে আজ ভোরে মিরপুর থেকে পবিত্র কুমারকে গ্রেপ্তার করা হয়। তবে মামলার অন্য আসামি শিক্ষিকা শারমিন জামান এখনও পলাতক রয়েছেন। আদালত আগামী ২৭ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে থাকা অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 All rights reserved.