প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি: হাসনাত আব্দুল্লাহ
বাংলাদেশে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে সতর্ক করেছেন কুমিল্লা-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রামে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান। তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে সব ভয়ভীতি উপেক্ষা করে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান।
চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় হাসনাত আব্দুল্লাহ বিগত ১৭ বছরের দুঃশাসনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, গত দেড় দশকে মানুষের টুঁটি চেপে ধরা হয়েছিল, ভিন্নমতাবলম্বীদের জন্য দেশ এক উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল এবং আয়নাঘর ও গুম-খুনের সংস্কৃতি চালু ছিল। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর কাউকে 'দিল্লি বা পিন্ডি' যাওয়ার ভয় দেখানো হবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় তিনি একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে এবং মানুষের মত প্রকাশের পাশাপাশি দ্বিমত প্রকাশেরও পূর্ণ স্বাধীনতা থাকবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন, তারা যেন মা-বাবার দোয়া নিয়ে বের হন, কারণ জনতা এবার কোনো অপশক্তিকে ছাড় দেবে না।
Copyright © 2026 All rights reserved.