প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা গেলে দেশ টিকবে না: মির্জা ফখরুল
যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে, তাদের হাতে ক্ষমতা গেলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের দেবিপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।
ঠাকুরগাঁও সদর উপজেলার গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে গিয়ে তিনি ১১১টি মামলার শিকার হয়েছেন এবং ১১ বার জেল খেটেছেন। বিগত সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রীর পলায়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা ভিন্ন মতের ওপর অত্যাচার চালিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এবং হিন্দু ভাইদের হত্যায় (জাষ্ঠিভাঙ্গা হত্যাকাণ্ড) জড়িত ছিল, তাদের কি ক্ষমতায় আনা উচিত? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা এখন সুন্দর সুন্দর কথা বললেও একাত্তরের ভুলের জন্য ক্ষমা চায়নি। বিএনপি মহাসচিব আরও বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া আর কেউ দেশকে এগিয়ে নিতে পারবে না। তাই দেশকে রক্ষা করতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.