প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ভোটগ্রহণের পরবর্তী ২ দিন পর্যন্ত নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় নির্ধারিত নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পাবেন। তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটরা এসব কর্মকর্তাদের দায়িত্ব ও এলাকা বণ্টন করে দেবেন। দায়িত্ব পালনকালে প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। মূলত নির্বাচনের আগে ও পরে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে এবং জনস্বার্থে এই প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার।
Copyright © 2026 All rights reserved.