প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
বাংলাদেশকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার আহ্বান জানান।
সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া বাণীতে ড. মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছে। প্রধান উপদেষ্টা বলেন, দেবী সরস্বতী যেহেতু সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক, তাই এই উৎসবের শিক্ষা হওয়া উচিত অজ্ঞতা দূর করে আলোর পথে চলা।
তিনি আরও প্রত্যাশা করেন যে, দেশের অর্জিত শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির জন্য না হয়ে সমাজের কল্যাণে কাজে লাগানো হয়। জ্ঞান দিয়ে দুস্থ ও দুর্বলের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। বাণীর শেষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের উত্তরোত্তর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
Copyright © 2026 All rights reserved.