প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিং করলে জনগণই রুখে দেবে: আমীর খসরু
আগামী সংসদ নির্বাচনে কোনো ধরনের 'ভোট ইঞ্জিনিয়ারিং' বা কারচুপির চেষ্টা করা হলে জনগণ তা কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১১ আসনের পতেঙ্গা এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের পরিবর্তে অন্য কোনো বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা গণতন্ত্রের জন্য অমঙ্গল বয়ে আনবে।
চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় ও প্রচারণা চালান। এসময় তিনি বলেন, বিগত শেখ হাসিনা সরকারের ভোট জালিয়াতি ও ইঞ্জিনিয়ারিংয়ের পরিণতি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। বর্তমানে দেশের মানুষ দীর্ঘ ১৫ বছর পর নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। একটি নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে এবং দ্রব্যমূল্যসহ জনজীবনের সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
পোস্টাল ভোট নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গে তিনি বলেন, যারা জনগণের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে, তারাই এখন ভিন্ন পন্থার আশ্রয় নিতে চাইছে। কিন্তু এসব করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না। তিনি আরও উল্লেখ করেন, সংকটকালে এদেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে—যা শহীদ জিয়া ও খালেদা জিয়ার পর এখন তারেক রহমানের নেতৃত্বের প্রতি প্রতিফলিত হচ্ছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.