প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
বিকেল ৪টা ৩০ মিনিটের পর পোস্টাল ব্যালট গণনা করা হবে না: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানকারীদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না পৌঁছালে তা গণনা করা হবে না। দেশি ও প্রবাসী মিলিয়ে এবার ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এই পদ্ধতিতে ভোট দিচ্ছেন।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালট ব্যবহারকারীদের সতর্ক করে আজ শনিবার (২৪ জানুয়ারি) একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে তা নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিতে হবে। ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের পর প্রাপ্ত কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
প্রবাসীদের জন্য এই সময়সীমা আরও আগে নির্ধারণ করা হয়েছে। ইসি জানিয়েছে, ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে তাদের ব্যালট পোস্ট করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে ব্যালট না পাঠালে তা সময়মতো রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছানোর ঝুঁকি থাকে, ফলে তাদের ভোটাধিকার নষ্ট হতে পারে।
এবারের নির্বাচনে প্রবাসীদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সব মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলবে।
Copyright © 2026 All rights reserved.