প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছে: রিজভী
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ‘মিথ্যা ও অপপ্রচার’ বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি বলেন, ইসি-র নিয়ম মেনেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করতেই এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ তুলছে, যা মূলত ‘হাইপার প্রোপাগান্ডা’র অংশ।
রিজভী উল্লেখ করেন, তারেক রহমান সর্বদা আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। এমনকি নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এর আগে তাঁর উত্তরবঙ্গ সফরও স্থগিত করেছিলেন। বর্তমানে তিনি কমিশনের সকল বিধি মেনেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন।
আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে রিজভী বলেন, রাজনীতির সাথে যুক্ত না থেকেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় কোকোকে নির্মম শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হতে হয়েছে। ওয়ান-ইলেভেন ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের সেই নির্যাতনের কারণেই তাঁর অকাল মৃত্যু হয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের অন্যায়েরই ফল। কবর জিয়ারতকালে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.