প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
দাঁড়িপাল্লা মার্কা একাত্তরে পাকিস্তানিদের পক্ষে ছিল: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীক নিয়ে যারা ভোট চাইছে, তারা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সরাসরি পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল। তিনি ভোটারদের স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তিকে চিনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের আউলিযাপুর ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, "১৯৭১ সালে আমরা যখন অস্ত্র হাতে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, তখন এই দাঁড়িপাল্লা মার্কার দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল।" তিনি মনে করিয়ে দেন যে, দেশের মানুষ নিজের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এবং বিএনপি সেই স্বাধীনতার চেতনা ধারণ করে।
তারেক রহমানের আগামীর রাষ্ট্রচিন্তার কথা তুলে ধরে ফখরুল বলেন, নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা মা-বোনদের জন্য হবে একটি বড় রক্ষা কবজ। এছাড়া কৃষকদের ভাগ্য বদলাতে ‘কৃষি কার্ড’ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর অঙ্গীকার করেন তিনি। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য, সার ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে।
পথসভায় স্থানীয় কয়েকজন ভোটার মঞ্চে উঠে বিগত দিনে মির্জা ফখরুলের সংসদ সদস্য থাকাকালে সেচ সুবিধা বৃদ্ধি ও বরেন্দ্র প্রকল্পের সফলতার কথা তুলে ধরেন। এর জবাবে ফখরুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তিনি নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সব ধর্মের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার শতভাগ নিশ্চয়তা দেন। তিনি আরও বলেন, আপনারা ভোট দিয়ে আমায় সংসদে পাঠালেই আমি আপনাদের অধিকারের কথা সরাসরি বলতে পারি।
Copyright © 2026 All rights reserved.