প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ: নিহত ৭
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে শান্তি কমিটির এক নেতার বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং বিস্ফোরণের তীব্রতায় ঘরের ছাদ ধসে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার কুরেশি মোড় এলাকায় এক বিয়ের অনুষ্ঠান চলাকালীন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে উৎসবের আমেজ যখন তুঙ্গে, ঠিক তখনই এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন।
বিস্ফোরণের প্রচণ্ডতায় বাড়িটির ছাদ ধসে পড়ে, যার নিচে চাপা পড়েন অনেক আমন্ত্রিত অতিথি। জেলা পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ জানান, এটি একটি আত্মঘাতী হামলা ছিল এবং এই ঘটনায় শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সাতটি অ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বাহিনী কাজ করছে।
আহত ১০ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং এই নাশকতার পেছনের অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।
Copyright © 2026 All rights reserved.