প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
পাকিস্তানে তুষারধসে একই পরিবারের ৯ জনের মৃত্যু
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল জেলায় এক ভয়াবহ তুষারধসে একই পরিবারের নয়জন সদস্য প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জনবিরল সেরিগাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তুষারের নিচে চাপা পড়া বাড়িটি থেকে অলৌকিকভাবে নয় বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা তুষারপাত ও তীব্র ঠান্ডায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
পাকিস্তানের চিত্রল উপত্যকায় গত ৩৬ ঘণ্টা ধরে চলা নজিরবিহীন তুষারপাত প্রাণঘাতী রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে লোয়ার চিত্রলের দামিল এলাকায় পাহাড়ের চারণভূমি থেকে বিশাল তুষারখণ্ড গড়িয়ে এসে একটি বসতবাড়ির ওপর আছড়ে পড়ে। এতে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বাচা খান ও তার পরিবারের আট সদস্যের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিন ছেলে, দুই মেয়ে এবং বাচা খানের স্ত্রী ও দুই শ্যালিকা রয়েছেন। জানা গেছে, দুর্ঘটনার সময় তারা সবাই রাতের খাবার খাচ্ছিলেন।
বিস্ফোরণ ও ধসের পর উদ্ধারকর্মীরা ওই বাড়ি থেকে নয় বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। লোয়ার চিত্রলের ডিসি হাসিম আজিম জানান, ওই এলাকায় প্রায় ২০ ইঞ্চির বেশি তুষারপাত হওয়ায় ধসের ঝুঁকি তৈরি হয়েছিল।
তুষারপাতের ভয়াবহতা কেবল চিত্রলেই সীমাবদ্ধ নেই; খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও গিলগিট-বালতিস্তানসহ বড় একটি অংশে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ।
লোয়ারি টানেলসহ প্রধান সড়কগুলো দীর্ঘ সময় বন্ধ থাকায় আটকা পড়েছেন হাজার হাজার পর্যটক ও যাত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে মুসলিম বাগের কাছে আটকে পড়া ১৭ জন নারী ও শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।
Copyright © 2026 All rights reserved.