প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল: তুরস্কের হুঁশিয়ারি
ইসরায়েল যেকোনো সময় ইরানে আক্রমণ করতে পারে বলে কড়া সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জানান, তেল আবিব বর্তমানে তেহরানের ওপর হামলার মোক্ষম সুযোগের অপেক্ষায় রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপকে 'সর্বাত্মক যুদ্ধ' হিসেবে গণ্য করে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইরান।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্বেগের কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেন, বিশেষ করে ইসরায়েলই ইরানের ওপর সামরিক অভিযানের সুযোগ খুঁজছে। সম্প্রতি তেহরান সফরকালে তিনি ইরানি কর্মকর্তাদের এই সম্ভাব্য বিপদ সম্পর্কে সরাসরি সতর্ক করেছেন বলেও উল্লেখ করেন। ফিদান আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধের পরিবর্তে ভিন্ন কোনো পথ বেছে নেবে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে নিজের অনড় অবস্থান ব্যক্ত করেছেন। অন্যদিকে ইরানও চুপচাপ বসে নেই। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে তারা একে পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। বর্তমানে দেশজুড়ে ইরানি সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
সংঘাতের এই আবহ আরও উসকে দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা। তিনি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন নৌবাহিনীর একটি বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠানো হয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীসহ এই বহরটি আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ২০২৪ সালের জুনেও দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়েছিল, যার প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.