প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত স্কটল্যান্ড
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে বিসিবির অনড় অবস্থানের কারণে আইসিসি এই চরম সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পরিবর্তে র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত এক চিঠির মাধ্যমে বোর্ড সদস্যদের এই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, বিসিবির দাবি আইসিসির নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তারা বোর্ডের সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে। ফলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও এই সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে।
মূলত ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের আপত্তির পর ভেন্যু পরিবর্তনের ভোটে ১৪-২ ব্যবধানে হেরে যায় বিসিবি। শেষ চেষ্টা হিসেবে আইসিসির ‘স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির’ (ডিআরসি) দ্বারস্থ হলেও সেখানে আবেদন খারিজ হয়ে যায়। আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার ডেডলাইন শেষ হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা এলো।
বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ড এখন গ্রুপ ‘সি’-তে কলকাতা ও মুম্বাইয়ের ভেন্যুগুলোতে খেলবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।
Copyright © 2026 All rights reserved.