প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে আমিই প্রচার করেছি: পার্থ
বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে জনগণের কাছে তিনিই তুলে ধরেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার নতুন বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি পরিচ্ছন্ন রাজনীতির অঙ্গীকার করে বলেন, তার রাজনীতিতে কোনো মারামারি বা হানাহানির স্থান নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এক বিশাল নির্বাচনী শোডাউন করেছেন। শনিবার দুপুরে ঢাকা থেকে ভোলায় পৌঁছালে লক্ষাধিক নেতাকর্মী তাকে বরণ করে নেন। পরে শহরের নতুন বাজার এলাকায় আয়োজিত গণসংযোগে তিনি গত শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করেন।
বক্তব্যের শুরুতেই পার্থ বলেন, আমিই সালমান এফ রহমানকে 'দরবেশ বাবা' উপাধি দিয়েছি এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে প্রচার করেছি। তিনি আরও উল্লেখ করেন যে, তিনি কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বিজেপির এই চেয়ারম্যান জানান, বিজয়ী হয়ে সংসদে গেলে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন এবং ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপনসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করবেন। গণসংযোগকালে তার প্রতীক 'গরুর গাড়ি'র পক্ষে জনসমর্থন চেয়ে তিনি একটি আধুনিক ও সন্ত্রাসমুক্ত ভোলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2026 All rights reserved.