প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন গুজব
বাংলাদেশ ক্রিকেটের ক্রান্তিলগ্নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি নিজেই।
রবিবার ( ২৫ জানুয়ারি )গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে খবর ছড়ালেও, সোমবার (২৬ জানুয়ারি ) সকালে তাকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
এর আগে, রবিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটের এই সংকটকালীন সময়ে বিসিবি সভাপতি নাকি গোপনে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। অবশ্য বোর্ডের একাধিক পরিচালক ও কর্মকর্তা তখনই জানিয়েছিলেন, বিসিবি সভাপতি ঢাকাতেই আছেন এবং নিজের দায়িত্ব পালন করছেন।
বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক সংকটের মধ্যে তাকে পড়তে হয়েছে। তবে এবারের সংকট চতুর্মুখি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি বিসিবির দাবি মেনে না নিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। যে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের। এর মধ্যে বিসিবির অভ্যন্তরেও দেখা দিয়েছে অস্থিরতা। বোর্ড পরিচালকদের মধ্যে একজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তিনি অডিট কমিটি থেকে পদত্যাগও করেছেন। আরেক বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেক পদত্যাগ করেছেন। বিসিবির এমন টালমাটাল পরিস্থিতিতে বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন ওঠে।
বাংলাদেশের ক্রিকেটের এই সংকটকালীন সময়ে বিসিবি সভাপতির দেশ ছাড়ার গুঞ্জন অসত্য প্রমাণিত হওয়ায় এবং সংকট মোকাবিলায় তার সক্রিয় ভূমিকা পালন করা ক্রিকেটপ্রেমিদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.