প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
নির্বাচনে ধর্ম ব্যবহার আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন
নির্বাচনি প্রচারণায় ধর্মীয় অনুভূতির ব্যবহারকে আচরণবিধির লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।
সোমবার (২৬ জানুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কিছু দল প্রতীককে জয়ী করাকে 'ঈমানী দায়িত্ব' বলে প্রচার করছে। এছাড়া ভোটারদের এনআইডি ব্যবহার করে আর্থিক প্রলোভন দেখানোর বিষয়েও নির্বাচন কমিশনকে সতর্ক করেন তিনি।
গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, কোনো নির্দিষ্ট ধর্মীয় আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ চায়।
এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকার তথ্য তুলে ধরে তিনি জানান, ২৯২টি আসনে ধানের শীষের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে ৮৫ জনের সংসদ সদস্য হিসেবে এবং ১৯ জনের মন্ত্রিসভায় কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এছাড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, ২৩৭ জন প্রার্থী অন্তত স্নাতক সম্পন্ন করেছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি এবার সর্বোচ্চ ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.