প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ বর্জনের পথে পাকিস্তান
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে পাকিস্তান। আইসিসির সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক ও অন্যায়’ আখ্যা দিয়ে দেশটির সরকার পাকিস্তানকে বিশ্বকাপে না পাঠানোর বিষয়ে গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিসিবি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মধ্যে জরুরি বৈঠকের কথা রয়েছে।
জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহারের ঘটনায় আইসিসির ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তান মনে করছে, আইসিসি এখানে চরম পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। তাদের দাবি, বিশেষ কোনো দেশের ইচ্ছা অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্ট পরিচালিত হওয়া উচিত নয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বাংলাদেশের বৈধ অধিকার ক্ষুণ্ণ করে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা ন্যায়বিচারের পরিপন্থী। সরকারি কর্মকর্তাদের মতে, নিরাপত্তার কারণে বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের যে দাবি তুলেছিল তা আমলে না নেওয়া আইসিসির দ্বিমুখী নীতি। একদিকে ভারত নিজের ইচ্ছামতো ভেন্যু সুবিধা পায়, অন্যদিকে বাংলাদেশকে সেই সুবিধা দেওয়া হয়নি।
বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সরকার দেশটিকে বিশ্বকাপে না পাঠানোর পক্ষেই প্রাথমিক ইঙ্গিত দিয়েছে। পিসিবি জানিয়েছে, তারা পুরোপুরি সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। এমনকি পাকিস্তানের ক্রিকেটাররাও এক বৈঠকে জানিয়েছেন, দেশের সম্মান ও সরকারি সিদ্ধান্তের সাথে তারা একমত। বিসিবির বিশ্বকাপ বর্জনের পর পাকিস্তানের এই অনড় অবস্থান বিশ্ব ক্রিকেটে নতুন অস্থিরতার আভাস দিচ্ছে।
Copyright © 2026 All rights reserved.