প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ ও নতুন কড়াকড়ি
বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন করল যুক্তরাষ্ট্র। এখন থেকে অভিবাসন প্রত্যাশী নয় এমন যাত্রীদের সর্বোচ্চ তিন মাস মেয়াদি ‘সিঙ্গেল-এন্ট্রি’ ভিসা দেওয়া হবে। পাশাপাশি ‘ভিসা বন্ড’ প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত এবং নির্ধারিত তিনটি বিমানবন্দর ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মূলত ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থান (ওভারস্টে) ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস আজ সোমবার ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রামের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলে তাকে ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট জামানত বা বন্ড পরিশোধ করতে হবে। শর্ত মেনে নির্ধারিত সময়ে দেশে ফিরে এলে এই অর্থ ফেরত পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কাজে যুক্ত হওয়া বা সময়মতো ফিরে না এলে বন্ডের অর্থ বাজেয়াপ্ত হবে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও দেওয়া হয়েছে কঠোর সীমাবদ্ধতা। বাংলাদেশি যাত্রীরা কেবল নিউ ইয়র্কের জেএফকে (JFK), বোস্টনের লোগান (BOS) এবং ওয়াশিংটনের ডুলস (IAD) বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এই নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো বিমানবন্দর ব্যবহার করলে তা বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের জন্য সম্প্রতি অভিবাসন ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিয়মের ফলে বাংলাদেশিদের জন্য মার্কিন ভ্রমণ যেমন ব্যয়বহুল হবে, তেমনি প্রক্রিয়াটি আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আলজেরিয়া, নেপাল ও ভুটানসহ আরও বেশ কিছু দেশ এই একই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।
Copyright © 2026 All rights reserved.