প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
বাকি ৫০ আসনের মানুষ বেহেশতে যাবে কীভাবে: কামরুল হুদা
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর প্রচারণা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি প্রার্থী কামরুল হুদা। পাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন প্রচারণার জবাবে তিনি প্রশ্ন করেন, সারাদেশে যে ৫০টি আসনে জামায়াত প্রার্থী দেয়নি, সেই এলাকার মানুষ তবে কীভাবে বেহেশতে যাবে?
রবিবার (২৫ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রামের এক সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রামের এইচ জে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি ও ধানের শীষের প্রার্থী কামরুল হুদা। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কঠোর সমালোচনা করেন। কামরুল হুদা বলেন, অতীতে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ডা. তাহেরকে বিজয়ী করা হলেও তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালিয়েছিলেন।
তিনি আরও বলেন, চৌদ্দগ্রাম অন্য কারো নয়, বরং এটি শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের ঘাঁটি। রাজনৈতিক ফায়দা হাসিল করতে যারা ধর্মের দোহাই দিয়ে ‘বেহেশতের ফর্মুলা’ দিচ্ছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার জন্য তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া কুমিল্লা বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় বিএনপি নেতারাও মঞ্চে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই আসনে বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রার্থী দেওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে।
Copyright © 2026 All rights reserved.