প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
৭৯ বছর বয়সেও জনসেবার শক্তি আছে: ফখরুল
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বয়স বাড়লেও জনগণের সেবা করার মতো সাহস ও শক্তি তার এখনো অটুট আছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার বেগুনবাড়ি এলাকায় এক পথসভায় তিনি বলেন, ১৫ বছর পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে মত প্রকাশের পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষিভিত্তিক শিল্পায়ন ও কারিগরি শিক্ষার প্রসারের প্রতিশ্রুতি দেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সভায় মির্জা ফখরুল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, অতীতে মামলা-হামলা দিয়ে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল। আজ সেই শৃঙ্খল ভেঙে মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। যারা দেশ ও জনগণকে বিপদে ফেলে পালিয়ে গেছে, দেশের রাজনীতিতে তাদের আর কোনো স্থান নেই।
ঠাকুরগাঁওয়ের কৃষি ও উন্নয়ন নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, এ অঞ্চলের কৃষকরা এখনো অবহেলিত। ধানের শীষ জয়ী হলে জেলায় কৃষিভিত্তিক কলকারখানা গড়ে তোলা হবে, যাতে চাষিরা ন্যায্য মূল্য পান। পাশাপাশি বেকার সমস্যা সমাধানে শুধু ডিগ্রি নয়, তরুণদের বিশ্ববাজারের উপযোগী কারিগরি প্রশিক্ষণে দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
নির্বাচনী গণসংযোগকালে মির্জা ফখরুল স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.