প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
ঝিনাইদহে মাদক-অস্ত্রসহ নারী আটক
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব-৬।
বুধবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত তাছলিমা আক্তার ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
অভিযানকালে বাড়ি থেকে দুই কেজি গাঁজা ও ৮টি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক ও অস্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাছলিমা আক্তারকে আটক করে র্যাব-৬।
র্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পালাতক রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, র্যাব-৬ এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আটক নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 All rights reserved.