প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
বেলুচিস্তানে রক্তক্ষয়ী সংঘাত: ৯২ বিদ্রোহী নিহত
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার জবাবে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টার এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। অন্যদিকে, বিদ্রোহীদের হামলায় পুলিশ ও বেসামরিক নাগরিকসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাসহ অন্তত আটটি জেলায় একযোগে হামলা চালায় জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। সশস্ত্র বিদ্রোহীরা বিভিন্ন পুলিশ স্টেশন ও সরকারি স্থাপনা লক্ষ্য করে বন্দুক ও আত্মঘাতী হামলা শুরু করলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।
পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের প্রাথমিক হামলায় ৮ জন পুলিশ সদস্য এবং ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পাল্টা অভিযান শুরু করলে ৯২ জন বিদ্রোহী নিহত হয়। এই অভিযানে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্যও।
নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'বেলুচিস্তান লিবারেশন আর্মি' (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ১৫ ঘণ্টা ব্যাপী এই অভিযানে তারা নিরাপত্তা বাহিনীর ৮৪ জন সদস্যকে হত্যা করেছে। তবে পাকিস্তান সেনাবাহিনী এই দাবিকে অতিরঞ্জিত বলে নাকচ করে দিয়েছে।
বিচ্ছিন্নতাবাদীরা গোয়াদরে শ্রমিক ক্যাম্পে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে এবং নোশকির জেলা প্রশাসককে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। ইরান ও আফগানিস্তান সীমান্তঘেরা খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে দীর্ঘ কয়েক দশক ধরে এই অস্থিরতা চলছে। পাকিস্তান এই অস্থিতিশীলতার জন্য প্রতিবেশী দেশ ভারতের ইন্ধনকে দায়ী করে আসছে। বর্তমানে ওই অঞ্চলের পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
Copyright © 2026 All rights reserved.