প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
লাইভ ভেরিফিকেশনে সুরক্ষিত থাকবে প্রবাসীদের ভোট
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে 'লাইভ ভেরিফিকেশন' পদ্ধতি চালু করছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) বরিশালে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এই পদ্ধতিতে কারচুপির কোনো সুযোগ নেই। এছাড়া ভোটকেন্দ্রে নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে একগুচ্ছ নতুন নির্দেশনার কথা জানান তিনি।
বরিশাল সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডিজিটাল অবজারভেশন টিমের সঙ্গে আলাপকালে ইসি সানাউল্লাহ প্রবাসীদের ভোট ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন।
তিনি জানান, প্রবাসীদের জন্য ব্যবহৃত ব্যালটে ১১৯টি প্রতীক থাকবে, যা গণনায় সময় নিলেও স্বচ্ছতা নিশ্চিত করবে। ভোট জালিয়াতি রোধে লাইভ ভেরিফিকেশন ছাড়াও ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থাগুলো নিয়োজিত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকাতে প্রিজাইডিং অফিসার ছাড়া অন্য কেউ কলম ব্যবহার করতে পারবেন না; অন্যদের পেন্সিল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ভোট কেনাবেচা বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন বন্ধে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তাদের কোনো প্রার্থীর আতিথেয়তা গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। প্রতিটি নির্বাচনী আসনে ১০ জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকি করবেন।
নির্বাচন কমিশনার ঘোষণা করেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া প্রবীণ, প্রতিবন্ধী ও অসুস্থ ভোটারদের জন্য বিশেষ যাতায়াত ও ভোটদানের ব্যবস্থা রাখা হবে।
ইসি সানাউল্লাহ স্পষ্টভাবে বলেন, "সততা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বড় বা ছোট সব দলই কমিশনের কাছে সমান।" কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
Copyright © 2026 All rights reserved.