প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
জাপানে আফগান দূতাবাস বন্ধ: টোকিও ছাড়লেন রাষ্ট্রদূত
জাপানের টোকিওতে অবস্থিত আফগানিস্তান দূতাবাসের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে বিদায়ী রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি এই তথ্য নিশ্চিত করেছেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে বিশ্বজুড়ে আফগান কূটনৈতিক মিশনগুলো যে সংকটে পড়েছে, এটি তারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন কূটনৈতিক সেবার পর জাপানে আফগান মিশনের কার্যক্রম স্থগিত হওয়ায় দেশটিতে বসবাসরত আফগান নাগরিকদের কনস্যুলার সেবা পাওয়ার পথ বন্ধ হয়ে গেল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি টোকিও ত্যাগ করছেন। শনিবার থেকেই দূতাবাসের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রশাসনিক সেবা স্থগিত করা হয়েছে। তবে দূতাবাস বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত অনেক কূটনীতিককে বিভিন্ন দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাপান সরকার এখন পর্যন্ত তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে মানবিক সহায়তার স্বার্থে সীমিত যোগাযোগ বজায় রেখেছিল।
ইতিমধ্যেই বিশ্বের ডজনেরও বেশি দেশে আফগানিস্তানের কূটনৈতিক মিশন বন্ধ বা সংকুচিত হয়েছে। জাপানেও দূতাবাস বন্ধ হয়ে যাওয়ায় সেখানে অবস্থানরত আফগান নাগরিকরা পাসপোর্ট এবং জরুরি আইনি সহায়তার ক্ষেত্রে বড় ধরনের অনিশ্চয়তায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.