প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, আপিল খারিজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ সুযোগটিও বন্ধ হয়ে গেল। ঋণ খেলাপির দায়ে তার আপিল আবেদন আজ রবিবার (১ ফেব্রুয়ারি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের এই আদেশের ফলে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার আর কোনো সুযোগ রইল না।
কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে চলা আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে আজ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ তার করা লিভ টু আপিল আবেদনটি সরাসরি খারিজ করে দেন।
মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়ন বাতিল ঘোষণা করে।
ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। আজ আপিল বিভাগেও সেই আবেদন নাকচ হয়ে যাওয়ায় তার নির্বাচনী দৌড় এখানেই শেষ হলো।
এই আদেশের ফলে কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর জন্য ভোটের মাঠ আরও উন্মুক্ত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.