প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ: ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে দেওয়া একটি বিতর্কিত পোস্টের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এর প্রতিবাদে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল এই মন্তব্যকে ‘ধৃষ্টতাপূর্ণ’ ও ‘নারীদের প্রতি অবমাননাকর’ বলে অভিহিত করেছে।
আজ বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে কর্মজীবী নারীদের ঘরের বাইরের কাজকে ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করে এই ভিত্তিহীন পোস্ট দেওয়া হয়েছিল।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা নারী সমাজকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা আরও অভিযোগ করেন, এমন মন্তব্য মধ্যযুগীয় বর্বর মানসিকতার বহিঃপ্রকাশ। সমাবেশে তারা দ্রুত এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানান।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত এই পোস্টটি প্রকাশিত হয়েছিল। অ্যাকাউন্টটি উদ্ধারের পর সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে এবং এটিকে একটি পরিকল্পিত অপপ্রচার হিসেবে দাবি করেছে সংগঠনটি।
উল্লেখ্য যে, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এমন উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে।
Copyright © 2026 All rights reserved.