প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
নির্বাচনী মাঠে ৩৩ প্লাটুন বিজিবি: ড্রোনে নজরদারির ঘোষণা
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নওগাঁ ও বগুড়া অঞ্চলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ আরিফুল ইসলাম মাসুম এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি চালানো হবে।
বগুড়া মহিলা কলেজে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক তাদের নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিজিবির প্রস্তুতির প্রধান দিকগুলো হলো:
অধিনায়ক জানান, নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন ২টি জেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব এলাকায় মোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এর মধ্যে বগুড়া জেলার ১২টি উপজেলায় ২৪ প্লাটুন সদস্য ইতোমধ্যে অবস্থান নিয়েছে।
নির্বাচনী এলাকায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে এবার ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি করবে বিজিবি। এছাড়া বিশেষ পরিস্থিতির জন্য সদর দপ্তরে 'র্যাপিড অ্যাকশন টিম' (RAT) এবং কুইক রেসপন্স ফোর্স (QRF) হিসেবে হেলিকপ্টার সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, "বিজিবি সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ থেকে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।" ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে আসতে পারেন, সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিজিবির এই সক্রিয় অবস্থান জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সহায়ক হবে।
জাহিদ/রাজধানী
Copyright © 2026 All rights reserved.