প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
জামায়াত আমিরের ‘আইডি হ্যাক’ দাবি নিয়ে বিএনপির প্রশ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে দেওয়া বিতর্কিত পোস্ট এবং পরবর্তীতে আইডি হ্যাক হওয়ার দাবি নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, পোস্ট করার দীর্ঘ ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে হ্যাক হওয়ার দাবি তোলা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
রবিবার (১ ফেব্রুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এসব কথা বলেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি পোস্ট শেয়ার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। পরে গভীর রাতে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আইডিটি হ্যাক হয়েছিল।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, জামায়াত আমিরের বিতর্কিত পোস্টটি ৩১ জানুয়ারি বিকেল ৪টা ৩৭ মিনিটে প্রকাশিত হয়। কিন্তু আইডি হ্যাক হওয়ার দাবি করা হয়েছে অনেক রাতে। যদি বিকেল ৪টা ৫৫ মিনিটেই হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পারেন, তবে ১২ ঘণ্টা কেন অপেক্ষা করা হলো—সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, এই দীর্ঘ সময়ে আমিরের ফেসবুক পেজ থেকে অনেক পোস্ট হলেও হ্যাকিং নিয়ে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
বিএনপির এই মুখপাত্র জামায়াত আমিরের আগের কিছু বক্তব্যের কথা মনে করিয়ে দিয়ে বলেন, আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন নারীরা নেতৃত্বে আসতে পারবেন না। বর্তমান পোস্টটি সেই মানসিকতারই প্রতিফলন কি না, তা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তিনি এই বক্তব্যকে 'পুরো সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা' বলে অভিহিত করেন।
বিএনপি প্রশ্ন তুলেছে, যে দল 'ইনসাফ কায়েমের' কথা বলে, তারা কেন এবারের নির্বাচনে একজন নারীকেও মনোনয়ন দেয়নি। জামায়াত নেতারা নারীদের সংসদ সদস্য হওয়াকে 'ট্রফি'র সাথে তুলনা করছেন বলেও অভিযোগ করেন মাহদী আমিন। তিনি দাবি করেন, এই নারীবিদ্বেষী মনোভাবের কারণেই তাদের জোটসঙ্গী এনসিপির নারী নেত্রীরা পদত্যাগ করেছেন।
বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও সমঅধিকারের পক্ষে এবং এ ধরনের অবমাননাকর ভাষা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
Copyright © 2026 All rights reserved.