প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
ভোটে অশান্তি করলে কঠোর দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশালে এক মতবিনিময় সভায় তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড গড়তে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
বরিশাল বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা দেন। তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী ও দস্যুদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং ভোটের চার দিন আগে থেকেই নিবিড় টহল শুরু করতে হবে। বিশেষ করে চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নজরদারি বাড়ানোর ওপর তিনি জোর দেন।
নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলেরও গভীর পর্যবেক্ষণ রয়েছে। তাই দায়িত্ব পালনে সামান্য বিচ্যুতি বা অবহেলাও বরদাশত করা হবে না। জেলা পর্যায়ে দ্রুত আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকে সব বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে, তা নিশ্চিত করতে হবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন, ডগ স্কোয়াড এবং সিসিটিভি ক্যামেরার পাশাপাশি কর্মকর্তাদের শরীরে 'বডি ওর্ন ক্যামেরা' থাকবে। এছাড়া 'নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬' এর মাধ্যমে সার্বক্ষণিক তদারকি চলবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেন যে, উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে কোনো দুষ্কৃতকারীই বিশৃঙ্খলা করে পার পাবে না।
Copyright © 2026 All rights reserved.