প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
হজযাত্রীদের আবাসন চূড়ান্ত: ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
২০২৬ সালের হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় আবাসন ব্যবস্থা নিশ্চিত করার কাজ সম্পন্ন হয়েছে। হজ কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেওয়া ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর জন্য বাড়ি ভাড়া চূড়ান্ত হওয়ায় আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু করতে আর কোনো বাধা নেই।
আসন্ন হজের প্রস্তুতি নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের আবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন এবং বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব)-এর যৌথ প্রচেষ্টায় মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া চূড়ান্ত করা হয়েছে।
আবাসন ছাড়াও হজযাত্রীদের যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট সুবিধা এবং মিনা ও মুজদালিফায় তাবু নির্ধারণসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কাউন্সিলর কামরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, সব ধরনের প্রশাসনিক কাজ গুছিয়ে আনায় ১৮ এপ্রিল থেকে নির্বিঘ্নে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।
Copyright © 2026 All rights reserved.