প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
ফের বাড়ল এলপিজির দাম: ১২ কেজি ১৩৫৬ টাকা
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দর কার্যকর হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা, যা এখন ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৫৬ টাকায় দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করেছে কমিশন। এর আগে গত ৪ জানুয়ারিও এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছিল। পর পর দুই মাস দাম বাড়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। বিইআরসি জানিয়েছে, সন্ধ্যা থেকেই ডিলার ও খুচরা পর্যায়ে নতুন এই মূল্য তালিকা অনুযায়ী গ্যাস বিক্রি করতে হবে।
Copyright © 2026 All rights reserved.