প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
ভোট ছিনতাই রুখতে গণপ্রতিরোধের ডাক মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গুণ্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাইয়ের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের ভাঙ্গায় এক নির্বাচনী জনসভায় তিনি সতর্ক করে বলেন, ভোটের রায় পাল্টে দেওয়ার চেষ্টা হলে রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আর কোনো সন্ত্রাসবাদের স্থান হবে না। এবারের নির্বাচনে যদি কেউ ব্যালটের রায় ছিনতাই করতে আসে কিংবা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে, তবে সাধারণ মানুষ তাদের কঠোরভাবে প্রতিহত করবে। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, পেশিশক্তি ব্যবহার করে ক্ষমতা দখলের দিন এখন অতীত।
ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মামুনুল হক আরও বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। সভায় কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি শারাফাত হোসাইনসহ দলের মনোনীত প্রার্থীরাও বক্তব্য রাখেন। মামুনুল হক ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এবং মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা হামজালার পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি ভোটারদের আহ্বান জানান, তারা যেন সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসেন। অনুষ্ঠান শেষে তিনি খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের জয়ী করতে উপস্থিত জনতার কাছে দোয়া ও সমর্থন চান।
Copyright © 2026 All rights reserved.