প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
মায়ের জন্মদিনে বিশেষ উপহার দিলেন হৃতিক
বলিউড সুপারস্টার হৃতিক রোশান আর তার মা পিঙ্কি রোশনের সম্পর্কটা সবসময়ই ছিল একটু । এই বন্ধনে আছে পাহাড়সম আবেগ, অগাধ ভালোবাসা আর নিখাদ উষ্ণতা। কখনো সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ, আবার কখনো একান্ত ঘরোয়া আড্ডায় মেতে ওঠা—সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন মা–ছেলের গণ্ডি ছাড়িয়ে গভীর বন্ধুত্বের এক সুন্দর উদাহরণ। গ্ল্যামারের ঝলকানির আড়ালেও এই আন্তরিক বন্ধন ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়।
হৃতিক তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে কখনোই কার্পণ্য করেন না। এবার মায়ের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে হৃতিক বেছে নিলেন একদম অন্যরকম এক পথ। সম্প্রতি পিঙ্কি রোশনের জন্মদিনে তাকে নিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে রোমাঞ্চকর জেট স্কি রাইডে বেরিয়ে পড়লেন ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা।
পিঙ্কির ভাষ্যমতে, এটিই ছিল তার জীবনের অন্যতম সেরা জন্মদিনের উপহার। মা ও ছেলের এই বিশেষ মুহূর্তের একটি ছবি পিঙ্কি রোশন নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।
ছবিতে দেখা যায়, জেট স্কি চালকের আসনে স্বয়ং হৃতিক, আর পেছনে বসে শক্ত করে ছেলেকে আঁকড়ে ধরে আছেন মা পিঙ্কি। উত্তাল সমুদ্রের মাঝে মা-ছেলের এই রোমাঞ্চকর সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
নেটিজেনরা হৃতিকের এই আদুরে উপহারের প্রশংসা করছেন। মায়ের প্রতি হৃতিকের এমন নিখাদ ভালোবাসা আর জন্মদিনের এই বিশেষ সারপ্রাইজ ভক্তদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি এই বয়সেও পিঙ্কির এমন সাহসিকতা ও প্রাণচঞ্চলতা নজর কেড়েছে সবার।
Copyright © 2026 All rights reserved.