প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
নাম পরিবর্তন করে র্যাবের নতুন নাম হবে এসআইএফ
দেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম ও কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নামকরণ করা হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা ‘এসআইএফ’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এই সিদ্ধান্তের কথা জানান। দ্রুতই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।
দীর্ঘ ২২ বছর পর নতুন পরিচয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে র্যা ব। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাহিনীটির নাম পরিবর্তনের পাশাপাশি এর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে, যার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন।
উপদেষ্টা বলেন, বাহিনীর কার্যপরিধি ও কাঠামো পর্যালোচনার ভিত্তিতেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালে গঠনের সময় বাহিনীটির প্রাথমিক নাম প্রস্তাব করা হয়েছিল ‘র্যাপিড অ্যাকশন টিম’ বা ‘র্যাট’, যা পরবর্তীতে ‘র্যাব’ হিসেবে চূড়ান্ত হয়। দীর্ঘ সময় ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করা এই বাহিনীকে এখন থেকে ‘এসআইএফ’ নামে ডাকা হবে।
শুধু নাম নয়, এই পরিবর্তনের সাথে বাহিনীটির অভ্যন্তরীণ সংস্কার ও কার্যপদ্ধতিতেও বেশ কিছু বড় সমন্বয় আনা হতে পারে। মানবাধিকার রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এমন আমূল পরিবর্তনের পথে হাঁটছে সরকার। দ্রুত সময়ের মধ্যে নতুন নাম ও লোগো সম্বলিত আদেশটি কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.