প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
প্রবাসীদের ৩ লাখ ব্যালট দেশে: ১২ ফেব্রুয়ারি শেষ সময়
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের দেওয়া ডাকযোগের ভোটের ব্যালট দেশে পৌঁছাতে শুরু করেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, এ পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি ব্যালট দেশে পৌঁছেছে, যার মধ্যে ৬ হাজার ৪২টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে গেছে। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে জানানো হয়, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য বিদেশ বিভুঁইয়ে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজারের বেশি ভোটার ব্যালট গ্রহণ করেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন তাদের ভোটাধিকার সম্পন্ন করেছেন। ভোটারদের ডাকবাক্সে জমা দেওয়া ব্যালটের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারদের কাছেও ব্যালট পাঠানো হয়েছিল। ইসির তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৩ হাজার ৬৫৫টি ব্যালট।
ইসি কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, পোস্টাল ব্যালট পেপারগুলো আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে অবশ্যই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে আসা কোনো ব্যালট পেপার আর গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
Copyright © 2026 All rights reserved.