প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের 'এক্স' (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীবিদ্বেষী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। জামায়াতের দাবি, বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ব্যবহার করে এই সাইবার হামলা চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে ও প্রমাণ জমা দিতে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জামায়াত জানায়, গত শনিবার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল থেকে একটি ‘ফিশিং মেইল’ পাঠানোর মাধ্যমে আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। হ্যাকাররা ‘Case-Study-Election’ নামক একটি ফাইলের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় এবং দ্রুত একটি বিতর্কিত ও নারীবিদ্বেষী পোস্ট দেয়। যদিও জামায়াতের সাইবার টিম ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিকেল ৪টায় সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে পৌঁছাবে। তারা হ্যাকিংয়ের সপক্ষে ডিজিটাল প্রেজেন্টেশন ও প্রমাণাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।
দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিরের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে। বিতর্কিত ওই পোস্টের সঙ্গে ডা. শফিকুর রহমানের কোনো সম্পর্ক নেই বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
Copyright © 2026 All rights reserved.