প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
সারাদেশে ১৩৭ উইকেট বানাচ্ছে বিসিবি, মাঠ সংস্কারে বড় উদ্যোগ
দেশের ক্রিকেট অবকাঠামো শক্তিশালী করতে মাঠ পর্যায়ে ১৩৭টি নতুন উইকেট নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খুলনা, বরিশাল ও রাজশাহীসহ দেশের আটটি প্রধান স্টেডিয়ামের মানোন্নয়ন এবং খেলার উপযোগী করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট মিরপুরে এই উন্নয়ন প্রকল্পের বিস্তারিত জানান।
বিসিবির পরিকল্পনায় থাকা স্টেডিয়ামগুলো হলো—খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি। এসব মাঠে মোট ১৩৭টি নতুন উইকেট তৈরি করা হবে। গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলট জানান, প্রতিটি ভেন্যুর কিউরেটরদের সাথে আলোচনা করে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
গণমাধ্যমের সাথে আলাপকালে পাইলট বলেন, আমরা সেন্ট্রালি সব ধরনের সাপোর্ট দিচ্ছি। কিউরেটররা তাদের নিজেদের মাঠের কাজগুলো করবেন। প্রতিটি ভেন্যুতে ৮ থেকে ১২টি করে উইকেট বানাতে খুব বেশি হলে ১০ দিন সময় লাগবে। দ্রুততম সময়ের মধ্যে এসব মাঠ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
বিসিবির এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে ক্রিকেটের মান বাড়বে এবং ঘরোয়া লিগগুলো আরও মানসম্মত উইকেটে আয়োজন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
Copyright © 2026 All rights reserved.