প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
রাজনৈতিক প্রভুর কথা শোনা হবে না: আনসার মহাপরিচালক
নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার কোনো ‘রাজনৈতিক প্রভুর’ কথায় বাহিনী পরিচালিত হবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) খুলনায় এক নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এই কড়া বার্তা দেন। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে মহাপরিচালক বলেন, “আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। বাহিনীর কোনো সদস্য যদি অনিয়মে জড়ায়, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিতে কেউ বাধা দিতে পারবে না।” একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ফলে এবার বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ নেই বলেও তিনি দাবি করেন।
সমাবেশে খুলনার ৮৪০টি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রায় ১১ হাজার আনসার সদস্য উপস্থিত ছিলেন। মহাপরিচালক তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সমাজের বিভিন্ন স্তরে আরও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা হবে। একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী বদ্ধপরিকর।
Copyright © 2026 All rights reserved.