প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করার ছক চীনের, আসছে ভয়ংকর ক্ষেপণাস্ত্র
সরাসরি যুদ্ধজাহাজ ধ্বংস নয়, বরং প্রতিপক্ষের পুরো অপারেশনাল সিস্টেমকে অচল করে দেওয়ার নতুন রণকৌশল নিয়ে এগোচ্ছে চীন। এই কৌশলের কেন্দ্রে রয়েছে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ওয়াইজে-১৮সি’ (YJ-18C)। বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক জাহাজের আড়ালে অস্ত্র লুকিয়ে রেখে অতর্কিত হামলার এই চীনা পরিকল্পনা মার্কিন নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এখন ‘সিস্টেম ধ্বংস’ করার যুদ্ধনীতিতে গুরুত্ব দিচ্ছে। এই কৌশলের মূল লক্ষ্য হলো শত্রুপক্ষের কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, লজিস্টিক সাপ্লাই চেইন এবং গোয়েন্দা নজরদারি ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়া। এতে শক্তিশালী যুদ্ধজাহাজগুলো অক্ষত থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পুরো বাহিনী প্যারালাইজড বা অচল হয়ে পড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, ওয়াইজে-১৮সি ক্ষেপণাস্ত্রটি সরাসরি ক্যারিয়ার ধ্বংসের চেয়ে লজিস্টিক ও রিফুয়েলিং জাহাজগুলো লক্ষ্য করে বানানো হয়েছে। এর স্টেলথ বৈশিষ্ট্য এবং দীর্ঘ পাল্লার কারণে এটি রাডার ফাঁকি দিয়ে বড় ধরণের আঘাত হানতে সক্ষম। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চীন ভবিষ্যতে সাধারণ বাণিজ্যিক কনটেইনারের ভেতরে ক্ষেপণাস্ত্র লঞ্চ সিস্টেম লুকিয়ে রাখতে পারে। ফলে যুদ্ধের সময় কোনটি সাধারণ মালবাহী জাহাজ আর কোনটি অস্ত্রবাহী, তা বোঝা আমেরিকার জন্য কঠিন হয়ে পড়বে।
তবে হেরিটেজ ফাউন্ডেশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চীনের এই কৌশলের কিছু দুর্বলতাও রয়েছে। ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো নির্দিষ্ট কিছু জায়গায় কেন্দ্রীভূত হওয়ায় সেখানে পাল্টা আঘাত আসলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এছাড়া উন্নত সেমিকন্ডাক্টরের জন্য বিদেশের ওপর নির্ভরশীলতাও চীনের জন্য একটি বড় ঝুঁকি।
Copyright © 2026 All rights reserved.