প্রকাশের তারিখঃ Feb 3, 2026 ইং
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট রুখতে আইসিসির গোপন তৎপরতা
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্তের ফলে প্রায় ৫০ কোটি ডলারের বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। পরিস্থিতি সামাল দিতে এবং ম্যাচটি মাঠে নামাতে এখন পর্দার আড়ালে গোপন সমঝোতার চেষ্টা চালাচ্ছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
আগামী ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে পাকিস্তান সরকারের অনড় অবস্থানে বিপাকে পড়েছে আইসিসি। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, পিসিবি-র উদ্বেগগুলো নিরসনে অন্য কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডকে সাথে নিয়ে মধ্যস্থতা করার চেষ্টা চলছে। মূলত আইনি লড়াই ও রাজনৈতিক কারণে পাকিস্তান এই কঠোর অবস্থান নিয়েছে।
আইসিসি স্পষ্ট জানিয়েছে, কোনো বিশেষ ম্যাচ বর্জন করা ক্রীড়া সংস্কৃতির পরিপন্থী। নির্ধারিত সময়ে পাকিস্তান মাঠে না নামলে ভারত পূর্ণ পয়েন্ট পাবে। তবে সম্প্রচার স্বত্ব ও বিজ্ঞাপনের বিপুল লোকসান এড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার টেবিল খোলা রাখছে আইসিসি।
Copyright © 2026 All rights reserved.