প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
বাংলাদেশের পাশে পাকিস্তান: শাহবাজ শরিফকে আসিফ নজরুলের ধন্যবাদ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের মন্ত্রিসভায় শাহবাজ শরিফ স্পষ্ট করেন যে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই তারা ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি খেলবেন না।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় দেশটি। দীর্ঘদিন ধরে জল্পনা চলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সিদ্ধান্তের কারণ জনসমক্ষে প্রকাশ করেছেন। তিনি জানান, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রতিবাদ জানাতেই এবং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই সাহসী পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের এই অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেন, "ধন্যবাদ পাকিস্তান।" তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
শাহবাজ শরিফ মন্ত্রিসভায় বলেন, "খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি কারণ এই সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"
উল্লেখ্য, নিরাপত্তা ও অন্যান্য অজুহাতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে আইসিসি স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার পর থেকেই ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়। পাকিস্তান শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল এবং শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের মাধ্যমে তারা তাদের প্রতিবাদ চূড়ান্ত করল।
Copyright © 2026 All rights reserved.