প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
নির্বাচনের দিন বাড়ছে মেট্রোর ট্রিপ, কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ছুটিতেও রাজধানীতে সচল থাকবে মেট্রোরেল। ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে ভোটের দিন বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)। একইসঙ্গে সুষ্ঠু কার্যক্রম বজায় রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী বুধ (৪ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের বন্ধে রাজধানীবাসীর যাতায়াত সহজ রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, ভোটের দিন যাত্রীদের চাপ সামলাতে নিয়মিত ট্রিপের বাইরে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ছুটির দিনগুলোতেও মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। তবে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের সন্নিকটে, নিরাপত্তার স্বার্থে শুধু সেই গেটগুলো বন্ধ রাখা হতে পারে; বাকি প্রবেশপথগুলো খোলা থাকবে।
মেট্রোরেল চলাচল ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে এক অফিস আদেশ জারি করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না। প্রয়োজনীয় সব ইউনিটকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
টানা চার দিনের ছুটির কবলে দেশ পড়লেও যাতায়াত নিয়ে স্বস্তিতে থাকতে পারবেন ঢাকা মেট্রোর নিয়মিত যাত্রীরা।
Copyright © 2026 All rights reserved.