প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
নওগাঁর জনসভায় জামায়াত আমির: হাজারো নেতাকর্মীর ভিড়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় যোগ দিতে নওগাঁ পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর এটিএম মাঠে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্লোগান ও করতালির মাধ্যমে স্বাগত জানান। সমাবেশকে ঘিরে পুরো এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে নওগাঁ স্টেডিয়ামে নামেন ডা. শফিকুর রহমান। সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি শহরের এটিএম মাঠের সমাবেশস্থলে পৌঁছান। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুরো সভাস্থলকে রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মঞ্চে ইতোমধ্যে জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁর জনসভা শেষে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর ক্রমান্বয়ে রাজশাহী এবং নাটোরে আয়োজিত জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.