প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
বন্দরে নৌ উপদেষ্টা অবরুদ্ধ, শ্রমিক বিক্ষোভে অচল অপারেশন
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান 'ডিপি ওয়ার্ল্ড'-কে টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দরে পৌঁছালে ৪ নম্বর গেটে শ্রমিকরা তার গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। বর্তমানে বন্দরের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন আরও কঠোর রূপ নিয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রূপ নেওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান এই সমুদ্রবন্দর।
আজ সকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দরে পৌঁছালে শ্রমিকদের তোপের মুখে পড়েন। বন্দরের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে শ্রমিকরা কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা দিচ্ছেন। এই সংকটময় পরিস্থিতিতে সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে জরুরি বৈঠকে বসেছেন উপদেষ্টা। বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুলিশ, এনএসআই, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আন্দোলনের ফলে জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ এবং জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, জাতীয় স্বার্থ পরিপন্থী কোনো ইজারা সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
বন্দর কর্তৃপক্ষ আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন। আজকের এই বৈঠকের ওপরই নির্ভর করছে বন্দরের অচলাবস্থা কাটবে কি না।
Copyright © 2026 All rights reserved.