প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি থাকবে না: জামায়াত আমির
দেশে ধর্মীয় কোনো বিভাজন বা সংখ্যালঘু-সংখ্যালঘু ভেদাভেদ রাখা হবে না বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁর নির্বাচনী জনসভায় তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবেন। পাশাপাশি নারীদের মাস্টার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও মেধাবীদের জন্য রাষ্ট্রীয় সুযোগ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।
নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, জামায়াত ক্ষমতায় গেলে নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।
জামায়াত আমির বলেন, "এই দেশ শুধু মুসলমানদের নয়; মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবার। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না। অমুসলিমরা কেন ভয়ের সংস্কৃতিতে থাকবে? আমরা সেই ভয় গুঁড়িয়ে দিতে চাই।" তিনি আরও যোগ করেন, যোগ্য নাগরিকদের হাতে যোগ্যতা অনুযায়ী কাজ পৌঁছে দেওয়া হবে।
নারীদের শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ঘোষণা করেন, জামায়াত ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত মেয়েরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করতে পারবেন। এছাড়া কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না উল্লেখ করে তিনি বলেন, যে বাবা-মায়ের সামর্থ্য নেই, তাদের সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র।
বংশপরম্পরায় নেতা হওয়ার সংস্কৃতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, "রাজার ছেলে রাজা নয়, বরং পরিশ্রমী রিকশাচালকের মেধাবী সন্তানও যেন আগামীর প্রধানমন্ত্রী হতে পারে—আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই।"
Copyright © 2026 All rights reserved.