প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
এপস্টেইন কেলেঙ্কারি: মুখ খুললেন ট্রাম্প
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত কয়েক লাখ গোপন নথি প্রকাশের পর মার্কিন রাজনীতিতে নতুন ঝড় উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেও নথিতে তার নাম ৬ হাজারেরও বেশিবার আসায় বিতর্ক থামছে না। এদিকে এই ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনকেও তলব করেছে কংগ্রেস।
দীর্ঘ তদন্তের পর মার্কিন বিচার বিভাগ এপস্টেইন মামলাটি নিষ্পত্তির ঘোষণা দিলেও উত্তাপ কমেনি হোয়াইট হাউসে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানিয়েছেন, বিপুল পরিমাণ তথ্যপ্রমাণ যাচাই করে নতুন করে কাউকে অভিযুক্ত করার মতো উপাদান পাওয়া যায়নি। তবে প্রশাসনের এই অবস্থানে ক্ষুব্ধ রিপাবলিকান আইনপ্রণেতারা।
প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলনে দাবি করেছেন, প্রকাশিত নথিতে তার বিরুদ্ধে আপত্তিকর কিছুই নেই। তার দাবি, নব্বইয়ের দশকের পর এপস্টেইনের সাথে তার সম্পর্ক ছিল না। তবে ২০১১ সালের একটি রহস্যময় ইমেলে এপস্টেইন লিখেছিলেন— "ট্রাম্পের বিষয়টি এখনো জনসমক্ষে আসেনি", যা নতুন করে রহস্যের জন্ম দিয়েছে।
এপস্টেইন সংযোগের এই তালিকায় শুধু রাজনীতিকরাই নন, নাম এসেছে বিশ্বের শীর্ষ ধনকুবের বিল গেটস ও ইলন মাস্কের মতো ব্যক্তিদেরও। এছাড়া ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য অ্যান্ড্রু এবং ল্যারি সামারসের মতো ব্যক্তিত্বরা এই কেলেঙ্কারির জেরে চরম চাপের মুখে পড়েছেন।
বিচার বিভাগ মামলা নিষ্পত্তির চেষ্টা করলেও মার্কিন প্রতিনিধি সভা ছাড় দিতে নারাজ। আগামী ফেব্রুয়ারিতে বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনকে সাক্ষ্য দিতে তলব করা হয়েছে। হাজির না হলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
Copyright © 2026 All rights reserved.