প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
আশুলিয়ায় লাশ পোড়ানো: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও হত্যাকাণ্ডের ঘটনায় ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাজসাক্ষী হওয়ায় একজনকে খালাস দিয়েছেন আদালত। ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় আন্দোলনকারীদের গুলি করে হত্যার পর ভ্যানে স্তূপ করে মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় এই রায় এল।
বৃহস্পতিবার (৫ ফেব্দুরুযারি) পুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ১৬ আসামির সাজা ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৬ জন হলেন— সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া, এসআই আব্দুল মালেক, এএসআই বিশ্বজিৎ সাহা ও কনস্টেবল মুকুল চোকদার।
সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত এসপি আব্দুল্লাহিল কাফী ও শাহিদুল ইসলামসহ মোট ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এসআই আরাফাত উদ্দিন ও এএসআই কামরুল হাসানকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় খালাস পেয়েছেন এসআই শেখ আবজালুল হক।
আশুলিয়ার সেই নৃশংস ঘটনায় সাজ্জাদ হোসেন সজল ও আস সাবুরসহ মোট ৭ জন শহীদ হয়েছিলেন। গত বছরের ২১ আগস্ট বিচার শুরু হওয়ার পর ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হলো। রায়ের সময় কারাগারে থাকা ৮ আসামিকে আদালতে উপস্থিত রাখা হয়েছিল; বাকিরা পলাতক রয়েছেন।
Copyright © 2026 All rights reserved.