প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
পল্লবীতে একই পরিবারের ৪ লাশ উদ্ধার: নেপথ্যে কি ঋণের বোঝা
রাজধানীর মিরপুর-১১ নম্বরের পল্লবী এলাকায় দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রিকশাচালক মাসুম, তার স্ত্রী ফাতেমা এবং তাদের দুই শিশুসন্তান মিনহাজ (৪) ও আসাদ (২)। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঋণের বোঝা সইতে না পেরে সন্তানদের হত্যার পর এই দম্পতি নিজেরাও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবীর ওয়াপদা ভবন বিহারী ক্যাম্পের 'বি' ব্লক এলাকা থেকে পুলিশ এই মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটি চরম অভাবের মধ্যে ছিল। মাসুম রিকশা চালাতেন এবং তার স্ত্রী মানুষের বাসায় কাজ করতেন। তারা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিলেন এবং কিস্তির টাকার জন্য প্রতিদিন পাওনাদাররা তাদের বাসায় আসতেন। অভাব এবং ঋণের এই মানসিক চাপ থেকেই তারা এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের স্বজন ও প্রতিবেশীদের মধ্যে এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 All rights reserved.