প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
নির্বাচন নির্বিঘ্ন করতে ১ লাখ সেনা মোতায়েন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারাদেশে ১ লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেনাসদরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অতীতের তুলনায় এবার সেনাসদস্যের সংখ্যা দ্বিগুণেরও বেশি এবং প্রথমবারের মতো তারা ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবেন। ভোটারদের আস্থা ফেরাতে গত ২০ জানুয়ারি থেকেই এই বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন। তিনি জানান, অতীতে নির্বাচনে সর্বোচ্চ ৪০-৪২ হাজার সেনা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকলেও এবার পরিস্থিতি বিবেচনায় ১ লাখ সদস্যকে মাঠে নামানো হয়েছে।
সেনাবাহিনী বর্তমানে দেশের ৬২টি জেলার ৪১১টি উপজেলায় ৫৪৪টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করছে। গত ২০ জানুয়ারি থেকে পরবর্তী ১৪ দিনে দেড় শতাধিক বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ১০ হাজার ১৫২টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ২২ হাজার ২৮২ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ‘সুরক্ষা অ্যাপ’, পুলিশের বডি ওর্ন ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ব্যবহার করে অপতথ্য ছড়ানো এবার বড় চ্যালেঞ্জ। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এই গুজব রোধে সহায়তা করার আহ্বান জানান।
কোনো গোষ্ঠী ব্যালট বা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সেনাবাহিনী দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবে খোয়া যাওয়া অস্ত্রগুলো উদ্ধারে অভিযান চলমান রয়েছে। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানানো হয়।
Copyright © 2026 All rights reserved.